মার্কিন কংগ্রেস থেকে বহিষ্কার হলেন জর্জ সান্তোস

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম

শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটে সদস্যপদ হারিয়েছেন রিপাবলিকান জর্জ সান্তোস। নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের জন্য তার সদস্যপদ বাতিল করা হয়।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি।

দুর্নীতি এবং নির্বাচনী প্রচারের অর্থ অপব্যয়ের অভিযোগে অভিযুক্ত সান্তোসকে ভোটাভুটির মাধ্যমে বহিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা।

তাকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে ভোট দেন ৩১১ জন সদস্য। বিপক্ষে পড়ে ১১৪ ভোট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ষষ্ঠ ব্যক্তি হিসেবে কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন সান্তোস। তাকে বহিষ্কারে রিপাবলিকান পার্টির ১০৫ জন সদস্যও ভোট দেন।

সম্প্রতি প্রতিনিধি পরিষদের নৈতিকতা বিষয়ক কমিটির এক প্রতিবেদনে উঠে আসে, সান্তোস নির্বাচনী প্রচারের জন্য সংগৃহীত তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন। ওই অর্থ ব্যক্তিগত ভ্রমণ, সৌন্দর্য বৃদ্ধির চিকিৎসা ও বিলাসী পণ্য কেনায় ব্যয় করেন সান্তোস।

গত মে মাসে প্রতারণা, সরকারি তহবিল আত্মসাৎ, অর্থ পাচার এবং কংগ্রেসে মিথ্যা বক্তব্য দেয়াসহ ১৩টি অভিযোগে সান্তোসকে অভিযুক্ত করেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত