ডিবির দাবি

দিনমজুর ভাড়া করে নাশকতা চালাচ্ছে বিএনপি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ এএম

নির্বাচন ঠেকাতে বিএনপির আন্দোলনে দলটির নেতারা মাঠে না নামলেও ভাড়া করা লোক দিয়ে নাশকতা করছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ঢাকার বাইরে থেকে মাথাপিছু ৩০০ টাকা হাজিরায় দিনমজুর এনে তাদের দিয়ে নাশকতা করাচ্ছে বিএনপি। গতকাল শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিবিপ্রধান। বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানতে পেরেছেন বলে জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘ঢাকা মহানগরের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা ৮টি ভাগে ভাগ হয়ে নাশকতার এই কার্যক্রম চালাচ্ছে। এদের এক গ্রুপ ককটেল সাপ্লাই (সরবরাহ) করে। আরেক গ্রুপ ককটেল বিস্ফোরণ ঘটায়। আর এসব কাজের জন্য তাদের বড় ভাইরা টাকা দেন। ঢাকার বাইরে থেকে কিছু দিনমজুর আসে, যারা ডেইলি বেসিসে (দৈনিক ভিত্তিতে) কাজ করে। তারা ঘরে বসে থেকে দিনমজুর মানুষগুলোক বিভিন্ন জায়গা থেকে ডেকে এনে তাদের টাকা দিয়ে বোমা বিস্ফোরণ, বাসে আগুন লাগানোর মতো ঘটনা ঘটায়।’

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ : নাশকতায় জড়িত অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফা রাজসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত হামলা ও নাশকতায় জড়িত অভিযোগে মোট ৮১৪ জনকে গ্রেপ্তার করল র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত