পাকিস্তানে যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলা, সেনাসহ নিহত ৮

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৯ বাসযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন যাত্রী।

নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি সেনা সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট-বাল্টিস্তানের চিলাস শহরের কাছে বন্দুকধারীরা একটি বাসে হামলা ও গুলি চালিয়ে নয় যাত্রীকে হত্যা করেছে বলে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন। শনিবারের এই হামলায় আহত হয়েছেন ২৬ জন বলেও জানিয়েছেন তারা।

গিলগিট-বাল্টিস্তানের পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস ডিপিএ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন সেনাও রয়েছেন।

শনিবার সন্ধ্যায় হামলাকারীরা বাসে গুলি চালানোর পর প্রাণহানির এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলার শিকার বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। এই হাইওয়েটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মূলত হামলাকারীরা বাসে গুলি চালানোর পর একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি এবং যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালানোর উদ্দেশ্যও এখনও পর্যন্ত অস্পষ্ট।

গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান এক বিবৃতিতে বলেছেন, ‘আক্রমণে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে সরকার।’

চিলাস শহরটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাছে গিলগিট বাল্টিস্তানের পার্বত্য অঞ্চলে অবস্থিত। এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্টপিং পয়েন্ট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত