বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক।
আশরাফুল আলম ওরফে হিরো আলম দেশ রূপান্তরকে বলেন, আমার সঙ্গে এমনটা তো নিয়মিতই হয়, আপনারা তো জানেন। কেন বারবার আমার সঙ্গে এসব হয় আমি বুঝি না।
কী পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কী আর নেব, প্রতিবার যেটা করতে হয় সেটাই করবো। প্রথমে নির্বাচন কমিশনে আপিল এরপর না হলে উচ্চ আদালতে যাব। তাছাড়া তো আমার উপায় নেই।
এর আগে বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। এদিন বিকাল পৌনে ৪টার দিকে তার পক্ষে সমর্থকরা বগুড়া ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার সময় তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এর আগে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হন এই অভিনেতা।
