পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে গাড়িতে তুলে ৮৫ ভরি সোনা ও টাকা লুট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে উজ্জল সাহা (৩৬) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের পর তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ৮৫ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৩ লাখ টাকা। সর্বস্ব লুটে নিয়ে ওই ব্যবসায়ীকে টাঙ্গাইল জেলার করটিয়া এটিএম গার্মেন্টসের অদূরে ফেলে রেখে যায় অপহরণকারীরা। 
    
শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানার শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে বাঘুলী গ্রামের রবিউলের বাড়ির সামনে থেকে অপহরণের শিকার হন উজ্জল সাহা। সে ওই গ্রামের নারায়ণ সাহার ছেলে।

অপহৃত ব্যবসায়ী উজ্জল সাহা জানান, প্রতিদিনের মতো জুয়েলারি দোকান বন্ধ করে সন্ধ্যা ৭টার দিকে হ্যালোবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় রবিউলের বাড়ির সামনে পৌঁছলে পুলিশের পোশাক পরা ৬-৭ জন লোক জোরপূর্বক তাকে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পথিমধ্যে মারধর করে তার কাছে থাকা ৮৫ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পুলিশের মাথায় ব্যবহৃত একটি ক্যাপ ও উজ্জল সাহার ব্যাগের বেল্ট পড়ে থাকতে দেখে তা শান্তিপুর তদন্ত কেন্দ্রে জমা দেন তারা। রাতেই উজ্জল সাহার ফোন পেয়ে পরিবারের লোকজন তাকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মামুন অর রশিদ বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিলের ব্যাপারে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত