চার বছরের ক্যারিয়ার কিন্তু বলিউডে নিজের অবস্থান খুব একটা পরিবর্তিত হয়নি। প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ বক্স অফিসে ব্যর্থ। তার পরে ‘গেহরায়িয়া’, ‘লাইগার’, ‘ড্রিম গার্ল ২’-এর মতো ছবিতে কাজ করেছেন অনন্যা। তবে বলিউডে এখনও অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি।
ছ’টি ছবিতে কাজ করার পরেও অনন্যার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে সমালোচক ও দর্শকের। কিন্তু বলিউডে মাত্র বছর চারেক কাজ করার পরেই হলিউডের স্বপ্ন দেখছেন অনন্যা। স্রেফ হলিউডে পা রাখার স্বপ্নই দেখছেন না অনন্যা, আমেরিকার অন্যতম নামী পরিচালকের সঙ্গে কাজ করতে রীতিমতো উঠেপড়ে লেগেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে জানান, করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মতো ছবি দেখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। করণের হাত ধরেই বলিউডে পা রেখেছেন অনন্যা। সে দিক থেকে দেখলে করণের সঙ্গে কাজ করার স্বপ্নপূরণ হয়ে গেছে তার।
আগামীতে কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চান অনন্যা? উত্তর দিতে গিয়ে সাংবাদিককেই প্রশ্ন করে বসেন অনন্যা, ‘ভারতীয় না আন্তর্জাতিক?’ তার পরে অনন্যা নিজেই জানান, সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে কাজ করতে চান তিনি। সেখানেই থামেননি নায়িকা।
অনন্যা আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে আমি টারান্টিনোর সঙ্গে কাজ করতে চাই। আমি শুনেছি তিনি তার ক্যারিয়ারের শেষ ছবি বানাচ্ছেন। আমি সেই দশম ছবিতে যে কোনোভাবে কাজ করতে চাই।’
অনন্যার এই ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়তেই মশকরার পাত্রী হয়েছেন অভিনেত্রী। বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে তিনি, ফিল্মি পরিবারের সন্তান হওয়ায় বলিউডে সুযোগ পেতে তেমন কাঠখড় পোড়াতে হয়নি তাকে। দর্শক ও সমালোচকদের দাবি, বাবার দৌলতে সিনেমায় পা রাখার সুযোগ পেলেও অভিনয়ের নিরিখে এখনও কোনও দাগ রাখতে পারেননি তিনি। সেই অনন্যাই নাকি এখন কোয়েন্টিন টারান্টিনোর মতো বিশ্বমানের পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছেন! নিন্দকদের কটাক্ষ, ‘নিজের যোগ্যতা মেপে স্বপ্ন দেখা ভাল নয় কি!’
