গ্রুপ সঙ্গী ডাচদের 'অন্যতম সেরা' বললেন ফ্রান্স কোচ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসছে আসরের ড্র-য়ে নেদারল্যান্ডসের সঙ্গে একই গ্রুপে পড়েছে ফ্রান্স। তাই নিজেদের গ্রুপকে কঠিন ও শক্তিশালী মনে করছেন দলটির কোচ দিদিয়ের দেশম। তার মতে, ডাচরা ইউরোপের অন্যতম সেরা দল।

২০২৪ ইউরোতে 'ডি' গ্রুপে পড়েছে ফ্রান্স। নেদারল্যান্ডস ছাড়া ওই গ্রুপের অন্য দুই দল অস্ট্রিয়া ও প্লে-অফে 'এ' থেকে বিজয়ী দল। প্লে অফ 'এ'-তে আছে পোল্যান্ড, এস্তোনিয়া, ওয়েলস ও ফিনল্যান্ড।

নেদারল্যান্ডসের বিপক্ষে ইউরোর বাছাইয়ে দুই দেখায়ই জিতেছে ফ্রান্স। প্রথমবার ৪-০ গোলে এবং দ্বিতীয় সাক্ষাতে ২-১ ব্যবধানে। সেই আত্মবিশ্বাস সঙ্গী ফরাসিদের। তবে মাটিতেই পা রাখছেন দেশম।

ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারা দেশম পরে বলেন, 'এটা (আসরটি) কঠিন হতে যাচ্ছে। আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে (বাছাইয়ে) দুই ম্যাচই জিতেছি। কিন্তু তারা আমাদের গ্রুপকে কঠিন করে তুলেছে। সম্প্রতি নেশন্স লিগে আমরা অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছি। তাদের বিপক্ষে লড়াই সহজ ছিল না। আমাদের গ্রুপের চতুর্থ দল কারা হবে, আমরা এখনও জানি না। তবে এটি শক্তিশালী ও কঠিন একটি গ্রুপ।'

পূর্ণ শক্তির নেদারল্যান্ডস যে যেকোনো দলের জন্যই হুমকির ভালো করেই জানান দেশম। সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলেছে দলটি। পরে শিরোপা জেতা আর্জেন্টিনাকে অল্পের জন্য হারাতে পারেনি তারা। টাইব্রেকারে জেতে সেমিফাইনালে জায়গা করে নেয় লিওনেল মেসির দল।

তাই ডাচদের কোনোভাবেই হালকা ভাবছেন না দেশম। তার মতে, 'নেদারল্যান্ডস ইউরোপের জাতীয় দলগুলোর মধ্যে অন্যতম সেরা।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত