সেনাবাহিনী ও নৌবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণার ঘটনায় প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার নিকট থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ও বিমানবাহিনীর সার্জেন্ট পদের ২টি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেট বাসস্ট্যান্ড থেকে মূলহোতা হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে পিবিআই নেত্রকোণা জেলা। পরে আজ রবিবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিবুল্লাহ বাগেরহাটে বিমানবাহিনীর অফিসার পরিচয় দিয়ে নৌবাহিনীর অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার কথা বলে নেত্রকোণার আটপাড়া থানার ৫ জনের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে হাবিবুল্লাহ তার প্রথম স্ত্রীর বড় ভাই মহিবুল্লাহ ও তার ছোট ভাই মহিউদ্দীনের মাধ্যমে পাঁচ জনকে নৌবাহিনীর অফিস সহায়ক কাম-কম্পিউটার অপারেটর পদে ভূয়া লিখিত পরীক্ষা নেয় এবং পরীক্ষা শেষে উক্ত হোটেলেই তাদেরকে ভূয়া নিয়োগপত্র প্রদান করে। তারা হলেন, আরিফ খান, হাবিবুর রহমান, মো. ফরহাদ মিয়া, সৌরভ, ও রাকিব। তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ২৭ জুলাই পিবিআই নেত্রকোণা জেলায় ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ করেন।
প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা উঠে আসে এবং এর প্রেক্ষিতে প্রতারণা ঘটনায় আটপাড়া থানার মামলা করা হয়। পরবর্তীতে উক্ত থানায় আরও ২টি প্রতারণা মামলা হয়। এরপর থেকে ঘটনার সাথে জড়িত আসামী আত্নগোপন করেন।
পিবিআই নেত্রকোণা জেলার ইউনিট ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, আসামি হাবিবুল্লাহ দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। সে তার দ্বিতীয় স্ত্রী রাবেয়া বসরীকে নিয়ে খুলনার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। গত ২ ডিসেম্বর দিবাগত রাতে সে সিলেটে আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
