সাত দিন যুদ্ধবিরতির আগে টানা দেড় মাস ধরে হামলা, অভিযান চালিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড উত্তর গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল। সাময়িক যুদ্ধবিরতি শেষে এবার দক্ষিণ গাজাও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় সময় সোমবার ভোরে দক্ষিণ গাজায় প্রবেশ শুরু করে ইসরায়েলি স্থল বাহিনী। এর আগে তিনদিন অঞ্চলটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল।
সোমবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি ও আল জাজিরা।
বিবিসি জানায়, ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওতে বলা হয়েছে, সৈন্যরা খান ইউনিসের উত্তরে স্থল অভিযান শুরু করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (আইডিএফ) লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি বলেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে।’
এদিকে খান ইউনিসের বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর গতকাল দক্ষিণ গাজার এ শহরটিতে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় গাজায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।’
এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ১৫,৫২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে ডঃ আশরাফ আল-কুদরা বলেন, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা ও অভিযানে ৪১ হাজার ৩১৬ ফিলিস্তিনি আহত হয়েছে।
