অবরোধের সমর্থনে পল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৯ম দফায় সারাদেশব্যপী ৪৮ ঘণ্টার ডাকা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়।

অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা দীর্ঘক্ষণ অবরোধের স্বপক্ষে বিভিন্ন স্লোগান সহকারে মিছিল অব্যাহত রাখলে দৈনিক বাংলা মোড় থেকে পুলিশ মিছিলের ওপর হামলা চালায়। পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে ৩ ও ৪ নভেম্বর অবরোধের ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত