নির্বাচনকে ঘিরে এখন বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনলেও তা পাননি। এরপর দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহি।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার যোগ্যতা হিসেবে মাহির জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ‘ভুয়া স্বাক্ষর’ পাওয়ার অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল রবিবার (৩ ডিসেম্বর) এমনটাই জানিয়েছেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক শামীম আহমেদ।
এরপর এদিন রাতে সোশ্যালে এক পোস্টে মাহিয়া মাহি লিখেন, ‘যেখানে সুখ সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’। হঠাৎ কী কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন মাহি, তা জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে মনোনয়ন না পাওয়ার আক্ষেপ থেকেই তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ২০১২ সালে ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। সাম্প্রতিক সময়ে সিনেমা স্থগিত রেখে নেমেছেন রাজনীতির মাঠে। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিলেও দল তাকে মনোনয়ন দেয়নি।
