ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকের কাছে মার্কিন বিমান হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে। তারা ইরানে মার্কিন বাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। সোমবার (০৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে রবিবার বিকেলে একটি স্থাপনা লক্ষ্য করে আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা জানান এক মার্কিন সামরিক কর্মকর্তা।
তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের বিবৃতিতে বলা হয়, তাদের পাঁচ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
যদিও রবিবার দিনভর মার্কিন বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি। এর আগে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, উত্তর-পূর্ব সিরিয়ার রুমালিন ল্যান্ডিং জোনে মার্কিন ও আন্তর্জাতিক বাহিনীর ওপর একাধিক রকেট হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৯০০ জন এবং ইরাকে আড়াই হাজার সেনা রয়েছে।
