সিঙ্গাপুরে দোকান থেকে কাপড় চুরির অভিযোগে দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনকে ৪০ দিন এবং অন্যজনকে ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দণ্ডপ্রাপ্তরা হলেন কোমল ও অর্পিতা। একটি খুচরা দোকান থেকে লাখ টাকা মূল্যের কাপড় চুরি করেছিলেন তারা। তবে তাদের দাবি, দোকান থেকে কাপড় চুরির কোনো ইচ্ছা তাদের ছিল না। তারা সিঙ্গাপুরে স্টুডেন্ট ভিসায় ছিলেন এবং আরও চারজন ভারতীয় নাগরিকের সঙ্গে থাকতেন।
সূত্র জানিয়েছে, অন্যদের সঙ্গে মিলে কাপড় চুরির পরিকল্পনা করেন দুজন। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
