টেস্ট ক্রিকেট তো আগেই ছেড়েছেন কুইন্টন ডি কক। সবশেষ বিশ্বকাপ দিয়ে ছাড়লেন ওয়ানডে সংস্করণ। যে ঘোষণা তিনি দিয়ে রেখেছিলেন আগেই। তখন না আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণই ছাড়তে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই কিপার-ব্যাটসম্যান। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তার অবসর আটকে দিয়েছিলেন দলটির সাদা বলের কোচ রব ওয়াল্টার।
২০২১ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডি কক। নতুন করে ওয়ানডে’কে বিদায় বলায় তার সামনে কেবল আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাট বাকি। আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। সেখানে খেলবেন ডি কক। যে সুবাদে আরো কিছুদিন তাকে দেখা যাবে আন্তর্জাতিক আঙিনায়।
সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তখন সংবাদ সম্মেলনে ওয়াল্টার দাবি করেন, প্রথমে সব সংস্করণ থেকে অবসর নিতে চেয়েছিলেন ডি কক, কিন্তু তাকে সেটি করতে বাধা দেওয়া হয়েছে।
টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান শুধুমাত্র ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন। এ নিয়ে ওয়াল্টার বলেন, ‘বিশ্বকাপের পর অবসর নেওয়ার বিষয়ে যখন আমরা কুইনির (কুইন্টন ডি কক) সঙ্গে কথা বলেছিলাম, তখন তার মূল পরিকল্পনা ছিল সব সংস্করণ থেকে অবসর নেওয়া। তারপর আমি তাকে এমনটা করতে নিষেধ করলাম। সে বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছিল, যা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়ের সঙ্গে সাংঘর্ষিক। তাদের দলে রাখতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
মাত্র ৩০ বছর বয়সেই টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ডি কক। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের অংশ হতেই পুরো আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ডি কক ছিলেন দারুণ ধারাবাহিক। ১০ ম্যাচে চারটি সেঞ্চুরিসহ তিনি ৫৯৪ রান করেছিলেন। যা টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ।
