টেস্ট ক্রিকেটে 'হ্যান্ডলড দ্য বল' আউট হওয়া অষ্টম ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার আগে সবশেষ এভাবে আউট হয়েছিলেন মাইকেল ভন। ইংলিশ সাবেক অধিনায়ক তাই কিছুটা মজা নিলেন মুশফিকের সঙ্গে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানকে স্বাগত জানালেন 'বিরল' ক্লাবে।
মিরপুরে চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনের ঘটনা এটি। মুশফিক তখন ব্যক্তিগত ৩৫ রানে। জেমিসনের করা ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে গিয়ে রক্ষণাত্মকভাবে খেলেছিলেন তিনি। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়ে ওপরে ওঠে। তবে এমন নয় যে সেটি স্টাম্পের দিকে আসছিল বা তাতে তার আউটের কোনো সম্ভাবনা ছিল। মুশফিক তবু ইচ্ছাকৃতভাবে বলটি ডানহাত দিয়ে সরিয়ে দেন।
নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা সুযোগটা নিতে ভুল করেননি। ‘হ্যান্ডলড দ্য বল’ আউট আবেদন করেন তারা। যা বর্তমানে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড'-এর আওতায় পড়ে। ভিডিও রিপ্লে দেখে থার্ড আম্পায়ার মুশফিককে আউট ঘোষণা করেন।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হলেন মুশফিকের। তার এমন অদ্ভুত আউটে বিস্ময় প্রকাশ করেছেন তখন ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবাল। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে বাংলাদেশ ওপেনারের।
২০০১ সালে 'হ্যান্ডলড দ্য বল' আউট হওয়া ভন এক্স-এ লিখেছেন, 'এক্সক্লুসিভ হ্যান্ডলড বল ক্লাবে তোমাকে স্বাগতম মুশফিক। কেবলমাত্র যথোপযুক্ত খেলোয়াড়রাই এই ক্লাবের সদস্য।'
টেস্ট ছাড়া ওয়ানডেতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন তিন ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে কেউ হননি। এছাড়া আগে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটও হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১২ জন। বদলে যাওয়া আইনে যেহেতু দুটিই ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’, এই আউটের শিকার এখন মোট ২৩ জন।
