গত ১০ বছরে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর সম্পদ বেড়েছে ৬৯ গুণের বেশি। একই সময়ে শিমুলের সম্পদ বেড়েছে ১৪ গুণ।
এবারের হলফনামায় শিমুলের স্ত্রীর সম্পদ দেখানো হয়েছে ৭ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৭০৬ টাকা এবং শিমুলের সম্পদ দেখানো হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৬৪৮ টাকা।
শিমুল নাটোর সদর উপজেলা চেয়ারম্যান থেকে ২০১৪ সালে এমপি নির্বাচিত হন। এর পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ে এই দম্পতির সম্পদ। ২০১৩ সালে দাখিল করা হলফনামা অনুযায়ী শিমুলের নিজের মোট সম্পদ ছিল ৩১ লাখ ৩৭ হাজার ৩৩৬ টাকা। আর তার স্ত্রীর ছিল ১৫ ভরি সোনাসহ ১০ লাখ ৭৫ হাজার টাকা।
২০১৩ সালের হলফনামায় শিমুলের অস্থাবর সম্পত্তি হিসেবে ছিল নগদ ১১ লাখ ১২ হাজার ৩৩৬ টাকা। নিজের নামে ব্যাংকে জমা দেখিয়েছিলেন ৭ লাখ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে ছিল শুধু ২৫ হাজার টাকা মূল্যের ৩৩ শতাংশ কৃষি জমি। অন্যদিকে তার স্ত্রীর বাৎসরিক আয় ছিল শূন্য। তার কোনো স্থাবর সম্পত্তিও ছিল না।
২০২৩ সালের হলফনামা অনুযায়ী, শিমুলের স্ত্রীর নামে ৪ কোটি ৪১ লাখ টাকার বাড়ি এবং ফ্ল্যাট আছে। এর মধ্যে তিনতলা বাড়ি মূল্য ৩ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৫০ টাকার এবং ফ্ল্যাটের মূল্য ৮১ লাখ ৭৫ হাজার টাকা। তার নগদ টাকা আছে ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৪৭০ টাকা। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে আছে ৭৮ হাজার ৮৭১ টাকা, ৫০ লাখ টাকার শেয়ার, এফডিআর ৬৯ লাখ ৬ হাজার ৩১৫ টাকা, ৩৪ লাখ ৫০ হাজার টাকার ব্যক্তিগত গাড়ি, ৩৫ ভরি সোনা।
এখন শিমুলের নগদ টাকার পরিমাণ ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজারর ৪৭০ টাকা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে আছে ৩৩ লাখ ৩২ হাজার ১৫০ টাকা, শেয়ার বাজারে সামির ইমপ্যাক্ট লিঃ প্রতিষ্ঠানে নিজের ৫০ লাখ, এফডিআর ২১ লাখ ৪৭ হাজার ৬৭৩ টাকা, সেভিংস সার্টিফিকিটে ৪০ লাখ টাকা, দুইটি গাড়ি ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা স্বর্ণালংকার ১ লাখ টাকা, ইলেকট্রনিক্স ২০ হাজার টাকা এবং আসবাবপত্র ১ লাখ টাকা।
