দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল চাল বোঝাই ট্রাক

  • ১০ দিনে পাঁচ গাড়িতে আগুন
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চাল বোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের টেউনি ব্রিজের উপরে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় গত ১০ দিনে ৫টি গাড়ীতে আগুন দেয়ার ঘটনা ঘটল। 

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন জানান, রাতে সেতাবগঞ্জ থেকে চাল নিয়ে একটি ট্রাক রংপুরের মাহিগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের টেউনি ব্রিজের উপর কয়েকজন দুর্বৃত্ত ইট ছুড়ে গাড়িটির গতিরোধ করে। পরে তারা দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটির সামনের কেবিন পুড়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এ নিয়ে গত ১০ দিনে জেলার ৩টি উপজেলায় ৫টি গাড়ীতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪টি ট্রাক ও ১টি বাস রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর রোববার দিবাগত রাত দেড়টায় কাহারোল উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ধান বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ২ ডিসেম্বর রাত ২টায় একই উপজেলার রামপুরা বাজারে ধান বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়। ৩ ডিসেম্বর রোববার রাত ৯টায় দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়া একটি খড় বোঝাই করা ট্রাক ও পরদিন সোমবার রাত ২টায় দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত