ইউক্রেন-ইসরায়েলের জন্য বাইডেনের প্রস্তাব আটকে দিল রিপাবলিকানরা  

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দুই পরম মিত্র ইউক্রেন ও ইসরায়েলকে ১০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে চেয়েছিলেন। কিন্তু রিপাবলিকান সেনেটরদের তীব্র বিরোধীতায় বাইডেনের এই পরিকল্পনা আপাতত ভেস্তে গেল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ইউক্রেন-ইসরায়েলকে সহায়তার জন্য বাইডেনের প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ১০০ সদস্যের সিনেটকক্ষে এই প্রস্তাবটি ৪৯-৫১ ভোটে বাতিল হয়ে যায়। উচ্চকক্ষে পাস হতে হলে প্রস্তাবটির পক্ষে কমপক্ষে ৬০ ভোট দরকার হতো।

এই বিল পাসের আকুতি জানিয়ে বুধবার বাইডেন বলেন,’ ইউক্রেনকে সহায়তা দিতে দেরী করা চলে না। বিল পাসে বাধা দেওয়ার মাধ্যমে কংগ্রেসের রিপাবলিকানরা আসলে পুতিনকে আশাতীত এক উপহার দিতে চাইছেন।’  

বিবিসিও প্রতিবেদনে বলেছে, বাইডেনের প্রস্তাবিত এই সহায়তা না পেলে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে ইউক্রেনের পরাজয় হতে পারে।

চলতি বছরে ২১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইউক্রেন-ইসরায়েলের জন্য এই তহবিল চেয়ে কংগ্রেসের কাছে আবেদন পাঠায় হোয়াইট হাউস। এদিনই এক ভাষণে বাইডেন দাবি করেন, ইউক্রেন ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে আরও দৃঢ় করতে এবং মার্কিনিদের সুরক্ষা নিশ্চিতে এ অর্থ সহায়তা অত্যন্ত জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত