দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইসির এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওসিদের বদলি করতে এ প্রস্তাব তৈরি করে পুলিশ সদর দপ্তর। প্রস্তাবটি গতকাল বুধবার পাঠানো হয় ইসিতে। এ ছাড়া ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করতেও নির্বাচন কমিশনে গতকাল প্রস্তাব পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। সেই সংখ্যা বাড়িয়ে ১৫৮ জন ইউএনওকে বদলির প্রস্তাবে অনুমোদন দিল ইসি।
এর আগে গত সোমবার প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ৪৭ ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন।
