রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবে দখলকৃত ইউক্রেনের চার অঞ্চলের বাসিন্দারা

  • ২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন
  • ফেডারেশন কাউন্সিলে ১৬২ ভোটে পাস হয়েছে সিদ্ধান্তটি
  • নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেবে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

রাশিয়ায় ২০২৪ সালের ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের এই তারিখ ঠিক করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস ও রয়টার্স। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে সিদ্ধান্তটি। 

ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটররা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ অনুমোদন করেছেন। এই নির্বাচনে প্রথমবারের মতো ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা অংশ নেবেন।

এদিকে রাশিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী নির্বাচনে দাঁড়াবেন কিনা, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ২০০০ সাল থেকে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে তিনি পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হতে পারেন। 

রাশিয়ার নির্বাচন ব্যবস্থার ওপর ৭১ বছর বয়সী পুতিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। অনেকেই ধারণা করছেন ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত