জাতিসংঘে পাঠানো চিঠি মিডিয়ায় প্রকাশ করা উচিত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ এএম

জাতিসংঘে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্যাংকস লেটার (চিঠি) গণমাধ্যম বা মিডিয়ায় ছাপা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এদিন একদিনের ব্যক্তিগত সফরে সিলেট যান পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা জাতিসংঘে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্যাংকস লেটার (চিঠি) ছাপছে, তারা দেশের শত্রুর মতো আচরণ করছে। প্রতি বছরই জাতিসংঘ সফর শেষে এ ধরনের চিঠি দেওয়া হয়। এটা একান্তই ব্যক্তিগত, তা কিভাবে গণমাধ্যমে ছাপা হয় তা বোধগম্য নয়।

এ সময় পোশাক খাতে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব খামোখা। আমার কাছে এমন কোনো তথ্য নেই। কিছু বিপথগামী লোক নির্বাচন বানচাল করতে এসব কথা বলে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।

জাতিসংঘে পাঠানো চিঠির বিষয়ে ড. মোমেন বলেন, আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে জাতিসংঘে, সেই সময় অনেকের সঙ্গেই সাক্ষাৎ হয়। আমাদের একটি রেওয়াজ আছে যাদের সঙ্গে আলাপ আলোচনা হয়, দেখা-সাক্ষাৎ হয় তাদের একটি ধন্যবাদপত্র দেওয়ার। এবারও সেটাই হয়েছে। ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমাদের যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেসব কথাবার্তা চিঠিতে উল্লেখ করা ছিল; যা একান্ত ব্যক্তিগত চিঠি। আর এটা খামাখা একটি পত্রিকা ছেপে দিয়েছে। এটা বড় লজ্জার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত