মানবাধিকার দিবসের আগে ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

মানবাধিকার দিবসের ঠিক আগে ১৩টি দেশের ৩৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২০ জনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (০৮ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সম্মিলিতভাবে এসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যেসব দেশের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে তার মধ্যে রয়েছে আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, সিরিয়া, উগান্ডা, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান ও সুদান ও জিম্বাবুয়ে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আফগানিস্তানের দুই মন্ত্রী। তারা মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করার কারণে নারী নিপীড়নে জড়িত রয়েছেন। এছাড়া ইরানের দুই গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন তালিকায়। মার্কিন প্রশাসনের দাবি, তারা দেশের বাইরে ইরানের সরকারবিরোধীদের ওপর সহিংসতার পরিকল্পনা করেছিলেন।

এছাড়া জিনজিয়ানে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনায় চীনের দুই কর্মকর্তাও নিষেধাজ্ঞার আওতায় এসেছেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ ভোগদখল করতে পারবে না। সে দেশের কোনো ব্যাংকে থাকা অর্থ তুলতে পারবেন না। এছাড়া মার্কিন নাগরিকদের সঙ্গে ব্যবসা ও লেনদেনে করতে পারবে না।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং মার্কিন অর্থব্যবস্থাকে মানবাধিকার লঙ্ঘনকারীদের থেকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্র কতটা অঙ্গীকারবদ্ধ তা এই নিষেধাজ্ঞায় প্রতিফলিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত