স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ডন শমসেরের হামলার শিকার অন্তঃসত্ত্বা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার পক্ষে কাজ করায় চনপাড়ার নতুন ডন শমসেরের নেতৃত্বে সুমাইয়া আক্তার (২০) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে অন্তঃসত্ত্বা গৃহবধূর শ্বশুর আওলাদ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

আওলাদ হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওলাদ চনপাড়া থেকে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার কর্মী হিসেবে কাজ করছে। অপরদিকে, চনপাড়ার এলাকার শমসের আলী চাঁদাবাজ, সন্ত্রাসী হিসেবে পরিচিত। শমসের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর হয়ে কাজ করছেন। আওলাদ শাহজাহান ভুইয়ার হয়ে কাজ করায় শুক্রবার রাতে শমসের ওরফে ডাকু শমসেরের নেতৃত্বে আলী, হেলাল, আপন, মিনারা, শাহাবুদ্দিনসহ অজ্ঞাত ১০/১২ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওলাদ হোসেনের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালাতে থাকে। এসময় আওলাদের ছেলের স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়া আক্তার ভাঙচুরে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে চুলের মুঠি ধরে বাইরে বের করে এলোপাতাড়িভাবে পেটায়। এসময় আওলাদের স্ত্রী সেলিনা (৪৫) বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। এসময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর করে নগদ ২৫ হাজার টাকা ও ৩ লাখ টাকার আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয়রা জানান, চনপাড়ার অঘষোতি সম্রাট ইউপি সদস্য বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর উপনির্বাচনের শমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হয়। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে চাঁদাবাজি, গুম, খুন, মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয় শমসের। বর্তমানে শমসের চনপাড়ার নতুন ডন হিসেবে পরিচিত।

স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির শেল্টারে শমসের তার এ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে জানান এলাকাবাসী। এছাড়া আধিপত্য বিস্তার নিয়ে জয়নাল গ্রুপ ও শমসের গ্রুপের মাঝে বেশকয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জয়নাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর চনপাড়া কিছুদিন শান্ত থাকলেও গত কয়েকদিন ধরে শমসের আবারো বেপরোয়া হয়ে পড়েছে।

অভিযুক্ত শমসের বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত