দেশসেরা ইন্টেরিয়র ডিজাইনারদের পুরস্কৃত করলো বার্জার 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত বার্জার অ্যাওয়ার্ডস ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৩ এ পুরস্কৃত হলেন দেশের মেধাবী ইন্টেরিয়র ডিজাইনাররা। 

গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলের গ্রান্ড বলরুমে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে পেশাদার এবং শৌখিন, উভয় ধরণের ডিজাইনারদের পুরস্কৃত করা হয়। 

প্রতিযোগিতায় পেশাদার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামুন মোর্শেদ চৌধুরী, স্থপতি ড্যানিয়েল হক ও তাদের প্রজেক্ট পিএম জি আর্ট গ্যালারি। এছাড়াও অচল রিটেল প্রজেক্টের জন্য স্থপতি মোহাম্মদ রাকিবুল হাসান, প্রজেক্ট মঙ্গলালোকের জন্য স্থপতি মানিফা রেহনুমা,  ‘শৌখিন” ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মোঃ হারুন সুলতান, প্রজেক্ট পাইনউড ক্যাফের জন্য ফাহিম বিন ফারুক মাশফি এবং সারা মাহবুব পুরস্কৃত হয়েছেন। বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন এক লক্ষ টাকা পেয়েছেন। এছাড়াও তাদের হাতে সার্টিফিকেট এবং ট্রফি তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘ইন্টেরিয়র ডিজাইনারদেরও স্বীকৃতি দেয়ার উদ্যোগ নিতে পারাটা বার্জারের জন্য অত্যন্ত সম্মানের। দেশসেরা এবং উদীয়মান ডিজাইনাররা যেভাবে প্রতিযোগিতায় তাঁদের প্রতিভা মেলে ধরেছেন, তাতে বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন সেক্টর অত্যন্ত সম্ভাবনাময়ী সেক্টর হিসেবে গড়ে উঠবে। আগামী দিনগুলোতে সবসময় বাজার্রকে পাশে পাবে ডিজাইনাররা।’ 

বিচারকমণ্ডলীর উপদেষ্টা স্থপতি জালাল আহমদ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের স্থপতিরা বিভিন্ন সময় দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। একইভাবে সম্ভাবনাময় ইন্টেরিয়র ডিজাইন সেক্টরেও বাংলাদেশের অনেক বড় কিছু করার সক্ষমতা রয়েছে। বার্জারের মত প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে এই সম্ভাবনা আরও লাভবান  হবে বলে আমি বিশ্বাস করি। বার্জারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’ 

স্থপতি জালাল আহমদ ছাড়াও স্থপতি এহসান খান, স্থপতি তানিয়া করিম, স্থপতি আসিফ এম আহসানুল হক, স্থপতি আবিদ হাসান নূর ও স্থপতি সৈয়দা তুহিন আরা করিম এবং শিল্পী ঢালী আল মামুনের সমন্বয়ে গঠিত প্রতিযোগিতার বিচারক প্যানেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বার্জার পেইন্টস—এর পক্ষে আরও উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. মহসিন হাবিব চৌধুরী, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার তানজিন ফেরদৌস আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত