মিরসরাইয়ে চীনা বিনিয়োগে ওষুধ উপকরণ কারখানা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে রপ্তানিমুখী ওষুধ উপকরণ তৈরির কারখানা করবে চীনা প্রতিষ্ঠান ক্রিসেন্ট হাইটেক কোম্পানি লিমিটেড। অন্যদিকে চীনা প্রতিষ্ঠান উন শেং বিডি কোম্পানি লিমিটেড দেশের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি রপ্তানিমুখী কম্পোজিট কারখানা স্থাপন করবে।

চীনা প্রতিষ্ঠান ক্রিসেন্ট হাইটেক কোম্পানি বিভিন্ন ধরনের সক্রিয় ওষুধ উপকরণ বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) উৎপাদন করবে। এ জন্য তারা ৭৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন অঞ্চলগুলোর মধ্যে এটিই প্রথম এপিআই কারখানা হতে যাচ্ছে। এখানে ২ হাজার ৭৭ জন বাংলাদেশি নাগরিকের কাজের সুযোগ সৃষ্টি হবে।

ক্রিসেন্ট হাইটেক কোম্পানি বছরে ৩১৫ টন ১.৪-ডিহাইড্রোক্সি এনথ্রাকুইনন, ১৮৯ টন ১.৪-ডায়ামিনো এনথ্রাকুইনন, ৬৬১ টন গ্লাইকিউরেসিস ২৬ ও ৫৩ এবং ৬২৯ টন হেপাটাইটিস সি ৩০ ও ২৭ উৎপাদন করবে।

কারখানা স্থাপনের লক্ষ্যে সম্প্রতি বেপজার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ক্রিসেন্ট হাইটেক। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ক্রিসেন্ট হাইটেকের চেয়ারম্যান জি ওয়েইমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে এপিআই উৎপাদনের এ কারখানা একটি নতুন সংযোজন। টেক্সটাইল ও তৈরি পোশাক পণ্যের নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করতে বেপজা প্রাধান্য দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত