নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

‘হারাবার আগে পায়ে মাখো শিশির, কুয়াশার মাঠে বাড়ুক প্রাণের ভিড়’ স্লোগানে তৃতীয়বারের মতো কুয়াশা উৎসব আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আজ রবিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া কুয়াশা উৎসব চলবে সোমবার (১১ ডিসেম্বর) পর্যন্ত। দুই দিনব্যাপী এই কুয়াশা উৎসব আয়োজিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে ঘিরে। শীতের গ্রামীণ আবহে সাজানো হয়েছে কেন্দ্রীয় খেলার মাঠ। ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে গ্রামবাংলার লোকসংস্কৃতিকে।

এবারের কুয়াশা উৎসবে থাকছে চিত্রকলা, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, রাগ সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, আবৃত্তি, সাহিত্য আলোচনা, রম্য বিতর্ক, নাট্য পরিবেশনা, নৃত্য পরিবেশনা, রস উৎসব, পিঠা পার্বণ, পালাসহ নানা আয়োজন।

আরও আসছেন কফিল আহমেদ ও সহজিয়া ব্যান্ড।

কুয়াশা উৎসবের আয়োজক পরিষদের উপদেষ্টা ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী উল্লাহ বলেন, বাংলার লোক উৎসবগুলোর তাৎপর্যকে ধারণ করেই কুয়াশা উৎসব শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই আয়োজনের সঙ্গে জড়িত রয়েছে। আশা করছি সবার সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে এবারের উৎসব পালিত হবে।

এবারের কুয়াশা উৎসব-১৪৩০ উৎসর্গ করা হয়েছে মৈমনসিংহ গীতিকার শতবর্ষ উদযাপনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত