যুব বিশ্বকাপের নতুন সূচী প্রকাশ

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

দক্ষিণ আফ্রিকাতেই ভারতকে হারিয়ে ২০২০ যুব বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তখনকার দলটা। একই মাটিতে যুব বিশ্বকাপের আরও একটি নতুন আসর সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু করবে বাংলাদেশ। তবে এবার ব্লুমফন্টেইনে, আগামী ২০ জানুয়ারি।

শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকায় সরে গিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর। বদল এসেছে সূচীতেও। যুব বিশ্বকাপের নতুন এই সূচী প্রকাশ করেছে আইসিসি। ১৯ জানুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে যুব ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। পাঁচটি মাঠে অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচগুলো।

১৯ জানুয়ারি আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ রয়েছে আসরের ‘এ’ গ্রুপে। ২০. ২২ ও ২৬ জানুয়ারি গ্রুপপর্বে নিজেদের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনে। টাইগার যুবাদের আসর শুরুই হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর আয়ারল্যান্ড ও সবশেষ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন রাব্বী-আহরাররা।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেনোনিতে। যে মাঠে সম্প্রতি প্রোটিয়া নারীদলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত