ছাত্রলীগের উদ্যোগে মেট্রোরেলে ভ্রমণ করছেন ১০৫ জন মাদরাসা শিক্ষার্থী। এদের মধ্যে ৮০ জনই কোরআনের হাফেজ। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উত্তরা স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। এসময় তাদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় । চোখে মুখে ছিল আনন্দের প্রতিচ্ছবি। তাদের নিয়ে মেট্রোরেল পৌঁছায় মতিঝিল। সেখান থেকে আরেকটি মেট্রোতে করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় উত্তরায়।
প্রথমবার মেট্রোরেলে উঠে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এসময় মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিভিন্ন প্লাকার্ড চোখে পড়ে। এছাড়াও তাদের হাতে ছিলো দেশের জাতীয় পতাকা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেট্রোরেলেই দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন শিক্ষার্থী। তারা সবাই জামিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।
এ বিষয়ে ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমাকে ছাত্রলীগের ভাইয়ারা মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছেন। এই সুবাদে আমি দেশের বিভিন্ন আলিয়া ও কওমি মাদ্রাসায় গিয়েছি, শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেছি। সেই ধারাবাহিকতায় আমি এই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গেলে তারা আমার কাছে সরকারের উন্নয়ন প্রকল্প ঘুরে দেখানোর জন্য ইচ্ছাপোষণ করে। সেজন্য আমরা তাদের মেট্রোরেলে ভ্রমণ করানোর ব্যবস্থা করি। ঢাকার বুকে সরকারের যে উন্নয়নের চিত্র সেটি আমরা তাদের মেট্রোরেলের মাধ্যমে দেখানোর সুযোগ করে দেই।’
