ওয়ানডে বিশ্বকাপ শেষেই বাংলাদেশ ক্রিকেট দলের ভিডিও অ্যানালিস্টের চাকরি ছাড়েন শ্রীনিবাস চন্দ্রশেখরন। তার জায়গায় এবার এবার নতুন অ্যানালিস্ট হিসেবে মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেই কাজ করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস। তিনি বলেন, ‘তাকে এক সিরিজের জন্য নিচ্ছি আমরা। এই নিউজিল্যান্ড সিরিজে সে কাজ করবে, কেমন করে সেটা দেখা হবে। তারপর সিদ্ধান্ত নিবো, কি করবো। এখন সে নিউজিল্যান্ডে অবস্থান করছে দলের সঙ্গে।’
মহসিন সবশেষ আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপ ও গত এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে ছিলেন তিনি। এশিয়া কাপে একটি ঘটনায় বেশ সমালোচিতও হয়েছিলেন এই অ্যানালিস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকালে সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানিস্তানের। কিন্তু উইকেটে থাকা দুই ব্যাটার ফজল হক ফারুকী ও রশিদ খানকে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তখনকার সময়ে দলটির অন্যালিস্টের দায়িত্ব পালন করা মহসিন।
অবশ্য মহসিন বেশ লম্বা সময় ধরেই কাজ করছেন। ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দলের হয়ে কাজ শুরু হয় তার। এরপর বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল ও বিপিএলের মতো ফ্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করেছেন তিনি।
