সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। বন্ডটির নাম হচ্ছে সাউথইস্ট ব্যাংক প্রথম পারপেচুয়াল বন্ড। বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

কমিশন সভা শেষে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসইসি জানায়, ৫০০ কোটি টাকার এ বন্ডের মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত। সাউথইস্ট ব্যাংক প্রথম পারপেচুয়াল বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ৫ হাজার টাকা।

এই বন্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করে সাউথইস্ট ব্যাংকের টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

উক্ত বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এ ছাড়া আন্ডার রাইটার হিসেবে রয়েছে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত