মদের গ্লাস মাথায় নিয়ে ‘জামাল কুদু’ গানে নাচের স্টেপের উৎপত্তি যেভাবে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পিএম

প্রায় সাড়ে তিন ঘণ্টার সিনেমায় তার উপস্থিতি খুব বেশি হলে বিশ মিনিট হবে কিন্তু তাতেই হইচই ফেলে দিয়েছেন ববি দেওল। ছবি জুড়ে তিনি নির্বাক। কিন্তু তার অভিনয় প্রশংসিত হচ্ছে সর্বত্র। সন্দীপ রেড্ডি পরিচালিত এই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা দুই চলছে।

তবে এই মুহূর্তে ছবির ‘জামাল কুদু’ গানে মুগ্ধ দর্শক। রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ইরানের এই লোকগান। ছবিতে গানের কথা ও ববির নাচ— দুই-ই নজর কেড়েছে সকলের। গানের কথা ইরানের কবির তবে নাচের ভঙ্গি নাকি ববির নিজের আবিষ্কার!

ববির করা চরিত্র আবরার নিজের বিয়ের অনুষ্ঠানে সদ্যবিবাহিতা স্ত্রীকে ধর্ষণ করে। সে দৃশ্য ঘিরে সোশ্যালে নিন্দার ঝড়। সেখানে বিয়ের অনুষ্ঠানে হচ্ছে এই গান, তাতে মুখে সিগারেট, মাথায় মদের গ্লাস ধরে নাচছেন ববি। ‘জামাল কুদু’ গানটি যেমন ভাইরাল, ততটাই জনপ্রিয় হয়েছে নাচের স্টেপ। তবে এই নাচ কোথা থেকে শিখলেন ববি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানান, নাচের পুরোটাই ববির ছোটবেলা থেকে অনুপ্রাণিত। তিনি স্বীকার করেন, কিশোর বয়সে যখন তিনি পাঞ্জাব যেতেন সেই সময় এভাবেই মদের গ্লাস মাথায় নিয়ে নাচতেন। সেই নাচকেই পর্দায় তুলে ধরছেন তিনি।

ববির কথায়, ‘গানটার যখন শুটিং হয়, তখন নৃত্যপ্রশিক্ষক বলেন যা পারো করো। আমি জিজ্ঞেস করি, করবটা কী! ও বলল, যা ইচ্ছে করো। তবে যাতে ববি দেওল নাচছে, এটা যেন বোঝা না যায়। আমি তখন বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। হঠাৎ মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পাঞ্জাবে যেতাম, তখন মদ্যপ অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। আমি এখনও বুঝতে পারি না, কেন আমরা এ রকম করতাম। যদিও আমার নাচটা মনে ধরে সন্দীপের। ও সম্মতি দেয়।’

শুটিং ফ্লোরে ববির নাচ দেখে হাসাহাসিও করেন অনেকে। তবে সেই নাচই যে এমন ছড়িয়ে পড়বে, বুঝতে পারেননি ববি নিজেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত