দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় মেসিদের

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম

লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মেসি ও জার্মাইন বারতেরামের দারুণ রসায়নে মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে তারা। রবিবার ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ের মাধ্যমে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে হেরনসরা।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে দাপট দেখায় নিউ ইংল্যান্ড রেভল্যুশন। প্রথমার্ধে একাধিক সুবর্ণ সুযোগ তৈরি করলেও মিয়ামির গোলরক্ষক সেন্ট ক্লেয়ারের দারুণ সেভ ও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। অন্যদিকে মিয়ামি কেবল প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড। চমৎকার এক দলগত আক্রমণ থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে মিয়ামির জাল কাঁপান ড্যানিয়েল গাজদাগ। পিছিয়ে পড়ার পর জ্বলে ওঠেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে মিয়ামির সমতাসূচক গোলটিতে প্রত্যক্ষ অবদান রাখেন এই আর্জেন্টাইন তারকা। ডি-বক্সের ভেতর মেসির বাড়ানো ভাসানো বল থেকে চমৎকার হেডে গোল করেন মেক্সিকান ফরোয়ার্ড জার্মাইন বারতেরাম।

সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় ইন্টার মিয়ামি। ম্যাচের ৮৩ মিনিটে আসে জয়সূচক সেই কাক্সিক্ষত গোল। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের বাধা এড়িয়ে তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু পাসে বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর বাঁ পায়ের কোনাকুনি নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ক্যারিয়ারের এটি ৯৩৭তম গোল মেসির।

ম্যাচের শেষ দিকে নিউ ইংল্যান্ড মিয়ামির আত্মঘাতী ভুলের সুযোগ নিয়ে জালে বল পাঠালেও অফসাইডের কারণে ভিএআর পরীক্ষায় গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। এই জয়ে নিউ ইংল্যান্ডকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের স্থান মজবুত করল মিয়ামি। আর একটি ম্যাচ বাকি লিগ পর্বের। ৭ নভেম্বর শার্লটের সঙ্গে খেলবে মেসিরা। এর পর খেলবে প্লে-অফ।

লিভারপুলের মাঠে ১৪ বছর পর জয় আর্সেনালের দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যানফিল্ডে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। মিকেল আরতেতার দল লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করল। ২০১২ সালের পর এই প্রথম লিভারপুলের ঘরের মাঠে জয় পেল গানার্সরা।

ম্যাচটির একমাত্র জয়সূচক গোলটি আসে কাই হাভার্টজের পা থেকে। প্রথমার্ধে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারের ভুল পাস থেকে বলের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ওডেগার্ড ও গিমারায়েসের পা ঘুরে বল পেয়ে যান ননি মাদুয়েক। এরপর ডি-বক্সে নিখুঁত ক্রস বাড়ান ডেকলান রাইস, আর দারুণ শটে লক্ষ্যভেদ করেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।

সর্বশেষ সর্বাধিক পঠিত