চলতি বছরের শুরু থেকে ক্রমান্বয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। যার জেরে জোরদার করা হয়েছে তার নিরাপত্তা। বদলে দেওয়া হয়েছে তার গাড়ি, বেড়েছে প্রহরীর সংখ্যা। এবার মৃত্যুর হুমকি পেলেন সালমানের নায়িকা পূজা হেগড়ে।
শোনা যাচ্ছে, সম্প্রতি দুবাইয়ের একটি পানশালার উদ্বোধনে যান অভিনেত্রী। সেখানেই নাকি কারও সঙ্গে কথা কাটাকাটি হয় পূজার। সেই সময়ে জনৈক ব্যক্তি অভিনেত্রীকে সরাসরি মৃ্ত্যুর হুমকি দিয়ে বসেন। এরপর দুবাইয়ে কাজ মিটিয়ে দ্রুতই ভারতে ফিরে আসেন পূজা। যদিও এই ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পূজার জনসংযোগ কর্মকর্তারা।
২০১২ সালে তেলুগু সিনেমা দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন পূজা হেগড়ে। দক্ষিণে বছর চারেক কাজ করার পর পা বাড়ান বলিউডের দিকে। হৃতিক রোশনের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ সিনেমা দিয়ে বি-টাউনে অভিষেক ঘটে এই সুন্দরীর। বলিউডে নিজের প্রথম ছবিতে সাফল্য না পাওয়ায় ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই ফিরে যান পূজা।
তবে বলিউডকে যে একেবারে ব্রাত্য করে রেখেছিলেন, তেমনও নয়। অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ৪’ ছবিতে অভিনয় করেছেন। বক্স অফিসে তেমন সাড়া পায়নি সেই ছবিও। চলতি বছরেই মুক্তি পেয়েছে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’। তা-ও বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। কাঁধে একের পর এক ফ্লপ ছবির বোঝা। এর মাঝে আবার নতুন বিড়ম্বনা তার জীবনে।