প্রতিনিধি পরিষদে অনুমোদন

বাইডেনকে অভিশংসন করতে তদন্ত হবে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিশংসন করতে তদন্ত প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ। বাইডেনের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, পারিবারিক ব্যবসা থেকে প্রেসিডেন্ট আর্থিকভাবে ফায়দা নিচ্ছেন। বিশেষ করে বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সাম্প্রতিক কর ফাঁকির মামলার বিষয়টিকে পুঁজি করছেন বিরোধী রিপাবলিকানরা।

সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বাইডেনকে অভিশংসন করতে তদন্তের অনুমোদন দেওয়ার পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। পক্ষে ভোট পরে ২২১টি এবং বিপক্ষে ২১২টি, ফলে বাইডেনকে এখন তদন্তের মুখে পড়তে হবে।

জো বাইডেন ইতিমধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে অভিশংসনের তোরজোড়কে  রিপাবলিকানদের রাজনৈতিক ‘স্টান্টবাজি’ আখ্যা দিয়েছেন।

এদিকে হান্টার বাইডেনকে নিয়েও শুনানি করতে চাইছে প্রতিনিধি পরিষদে প্রভাবশালী রিপাবলিকান সদস্যরা। তারা হান্টারকে বদ্ধ কক্ষে তার ব্যবসা ও কর ফাঁকির অভিযোগের শুনানির প্রস্তাব করেছে। যদিও হান্টার বাইডেন জানিয়েছেন তিনি শুনানিতে রাজি আছেন কিন্তু তা হতে হবে গণমাধ্যমের উপস্থিতিতে কিংবা একেবারে উন্মুক্তভাবে, যেন জনগণ সরাসরি তার বক্তব্য শুনতে পারে।

হান্টার বাইডেন বলেন,’ জনগণের সম্মুখে শুনানি হোক, আমি সব বলবো, কমিটির সব যৌক্তিক প্রশ্নের উত্তর দেবো।’ তিনি আরও বলেন, ‘কিন্তু রিপাবলিকানরা এরকম উন্মুক্ত কিছু চায় না, যেখানে মার্কিনিরা তাদের কূটকৌশল আর ভিত্তিহীন তদন্ত বুঝে যাবে।’

গার্ডিয়ান বলছে, অভিশংসন হোক বা না হোক, বাইডেনের বিরুদ্ধে তদন্তের অনুমোদন আশা করেনি হোয়াইট হাউজ। তারা ভেবেছিল প্রতিনিধি পরিষদএ তদন্তের অনুমোদনই পাবে না, কিন্তু বুধবার তা-ই হয়ে গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত