দুরারোগ্য কিডনি সমস্যায় ভুগছেন ক্যামেরন গ্রিন। জন্মগতভাবেই অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের সঙ্গী এই সমস্যা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় প্রায় তিন বছর কাটানোর পর বিস্ফোরক তথ্যটি নিজেই দিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
সিডনি সমস্যার দ্বিতীয় স্টেজে আছেন গ্রিন। তার দুটো কিডনি ৬০ ভাগ কাজ করে। তবে অন্যান্যদের মতো শারিরিকভাবে দুর্বল নন গ্রিন। নিজেকে সবসময়ই দেখেশুনে রাখতে হয় তাকে।
গ্রিন বলেন, 'জন্মের পর আমার মা বাবাকে বলা হয়েছিল আমার কিডনিতে সমস্যা আছে। এটার কোনো লক্ষ্মণ নেই। আলট্রার মাধ্যমে বোঝা যায়। এই সমস্যা হলে কিডনি অন্য সবার কিডনির মতো কাজ করে না। তারা ৬০ ভাগ কাজ করে। এই মুহূর্তে এটা দ্বিতীয় স্টেজে আছে।'
তিনি আরও যোগ করেন, 'আমি খুবই ভাগ্যবান কেননা অন্য যারা কিডনির এই সমস্যায় আক্রান্ত তাদের মতো আমি শারীরিকভাবে আক্রান্ত নই। এই রোগে মোট পাঁচটি স্টেজ। এক নম্বর স্টেজ কম ভয়াবহ। কিন্তু পাঁচ নম্বর স্টেজে ট্রান্সপ্লান্ট অথবা ডায়লাইসিস করানো হয়। ভাগ্যবশত আমি দ্বিতীয় স্টেজে আছি। তবে নিজেকে দেখেশুনে না রাখলে অবস্থা আরও খারাপ হয়।'
গ্রিনের খেলায়ও কিছুটা প্রভাব পড়েছে এমন রোগের কারণে। বিশেষ করে লম্বা সময় ধরে ব্যাটিং বা বোলিংয়ের সময় ক্র্যাম্পে সমস্যা হয় তার। একটু দেরিতে হলেও তিনি বুঝতে পেরেছেন, এমন সমস্যা কিডনির দুরারোগ্য ব্যাধির কারণেই।
গ্রিনের ভাষায়, 'কিডনি আগের চাইতে ভালো হয় না। এটা আগের মতোই থাকে। তাই আপনি যদি ভালোর জন্য কিছু করেন তাহলে আপনার সেটাই চালিয়ে যাওয়া উচিত। তবে এটা বুঝতে আমার অনেকদিন লেগেছে যে আমার কিডনি ফাংশন ক্র্যাম্পিংয়ে কিছুটা সমস্যা করছে।'
