গাজায় দ্রুত যুদ্ধ শেষ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আলাদা করে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন, গাজায় বেসামরিক মানুষদের জীবন বাঁচাতে তারা যেন যুদ্ধের তীব্রতা কমায়।
জাতিসংঘ সাধারণ পরিষদ, যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জোরদার হয়েছে। কিন্তু ইসরায়েল বলছে, গাজায় তাদের যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধে কয়েক মাসেরও বেশি সময় লাগতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
জ্যাক সুলিভানের সাথে সাক্ষাতের সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা ইসরায়েলের সাথে লড়াই করার জন্য এক দশক ধরে নিজেদের তৈরি করেছে।
গ্যালান্টের দাবি, হামাস মাটির নিচে ও মাটির ওপরে নানা অবকাঠামো তৈরি করেছে এবং তাদের ধ্বংস করা সহজ নয়। এর জন্য আরও সময়ের প্রয়োজন হবে - এটি (যুদ্ধ) কয়েক মাসেরও বেশি সময় ধরে চলবে, কিন্তু ইসরায়েল জিতবে এবং হামাসকে ধ্বংস করা হবে।
এদিকে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক দায়িত্ব’ রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে তিনি এই মন্তব্য করেন।
গাজা সংঘাতের ‘নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি’ সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন এরদোয়ান। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনের ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের ৭০ শতাংশই নারী ও শিশু।
