চীনের আধুনিকায়নে সুবিধা পাবে মার্কিন প্রতিষ্ঠান: শি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

চীনের আধুনিকায়নের কারণে সুবিধা পাবে মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। উভয় দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য আশাব্যঞ্জক ক্ষেত্র রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বিজনেস কাউন্সিলের ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পাঠানো চিঠিতে এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

অবশ্য চিঠিতে তিনি বহির্বিশ্বের জন্য চীনের দুয়ার ব্যাপকভাবে খোলা থাকবে বলেও উল্লেখ করেন। বলেন, দেশটিতে বাজারমুখী, আইনের শাসনভিত্তিক আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ তৈরি করা হবে। শুক্রবার (১৫ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি খবরটি প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট শি চিঠিতে বলেন, এই শতাব্দীতে বিশ্ব বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই জনগণের স্বার্থ এবং মানবতার ভবিষ্যত নিয়ে উদ্বেগজনক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে পারে। উভয় দেশের সম্পর্ক, ব্যবসায়িক সহযোগিতা জনগণের জন্য অনেক বাস্তব সুবিধা বয়ে এনেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, চীনে ব্যবসা করার মতো পরিবেশ নেই। সেখানে মেধাস্বত্ব সম্পদ সুরক্ষার সুযোগ সীমিত। তারা দেশের প্রতিযোগীদের অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা দিয়ে থাকে।

এ নিয়ে চীনের প্রতি আহ্বান রেখেছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। চীনকে এই প্রবণতা থেকে সরে আসার কথা বলেছেন তিনি, যাতে বিদেশি  বিনিয়োগকারীরা উৎসাহিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত