যুব এশিয়া কাপে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল আরব আমিরাত। এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল দলটি। এবার সেমিফাইনালের লড়াইয়ে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে জায়গা করে নিল ফাইনালে। উত্তেজনাকর ম্যাচে আগে ব্যাট করে ১৯৩ রানের ছোট পুঁজি দাঁড় করায় আমিরাত। আর নিয়ন্ত্রিত বোলিংয়ে তা টপকাতে দেয়নি গ্রুপপর্বে সব ম্যাচে জিতে আসা পাকিস্তানকে। ৩ বল বাকি থাকতে তাদেরকে অলআউট করে দিয়ে ১১ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক দেশটির যুবারা।
দুবাইর আইসিসি একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাট করে আমিরাত। অধিনায়ক আয়ান আফজালের ব্যাটে আসে একমাত্র ফিফটি। ৫৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন আয়ান। এছাড়া আরিয়াংস শর্মা ৪৬ ও ইথান ডি’সুজা ৩৭ রান করেন। পাকিস্তানের উবাইদ শাহ ৪ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন আরাফাত মিনহাস ও আলি আসফান্দ।
১৯৪ রানের ছোট লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় বলেই শামিলের উইকেট হারায় পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে সাদ ও আযানের ৮৩ রানের জুটিতে শতরান পূর্ণ করে পাকিস্তান। ১০৫ ও ১০৭ রানে সাদ ও আযান দুজনেই ফিরে গেলে মড়ক লাগে ইনিংসে। এর পর নিয়মিত উইকেট খোঁয়ানোর ধারাবাহিকতায় ১৮২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। আয়মান আহমেদ ও হার্দিক পাই দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান বাদামি, ধ্রুব ও অমিদ।
আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবে তারা। গ্রুপপর্বে অবশ্য বাংলাদেশের কাছে ৬১ রানে হেরেছিল আমিরাত।
