ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুর। শুক্রবার (১৫ ডিসেম্বর) গাজার খান ইউনিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন তিনি। এ ঘটনায় আরও একজন সাংবাদিক আহত হয়েছেন। সামির আবুদাকা নামের ওই সাংবাদিক ক্যামেরাম্যান বলে জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ ডিসেম্বর) খান ইউনিসে জাতিসংঘের ফারহান স্কুলে সংবাদ সংগ্রহ করতে যান ওয়ায়েল ও সামির। তখনই হামলার মুখে পড়েন তারা। ওয়ায়েলের ডান হাতে শ্রাপনাল আঘাত হেনেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় প্রচণ্ড গোলা ছুড়ছিল ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ইসরায়েলিদের হামলায় এখন পর্যন্ত প্রায় ১০০ সাংবাদিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকশ সাংবাদিক। অভিযোগ উঠছে, সাংবাদিকদের লক্ষ্য করে ইচ্ছেকৃতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল, যেন তাদের বর্বরতার খবর বহির্বিশ্বে যেতে না পারে।
এদিকে গত ২৫ অক্টোবর গাজার দক্ষিণাঞ্চলের নুসিরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন ওয়ায়েলের স্ত্রী, দুই সন্তান ও তার নাতনী। পরিবারকে হারিয়েও কাজ থামাননি তিনি। যুদ্ধের শুরু থেকেই গাজার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরছেন এই সাংবাদিক। তিনি আল জাজিরা অ্যারাাবিকের গাজা ব্যুরো প্রধান।
