মানুষ অত বোকা নয় তারা সব বোঝে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ এএম

চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। কারণ এক দুটো নয়, নানা কারণ। সম্প্রতি ফারজানা মুন্নী অপু বিশ্বাসকে নিয়ে একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে অপুর প্রতিক্রিয়া কী? সমসাময়িক আরও বিষয় নিয়ে অপু বিশ্বাসের মুখোমুখি হয়েছেন মাহতাব হোসেন

কেমন আছেন?

এই তো প্রচণ্ড শীতে যেমন থাকা যায়। ভালোমন্দ মিলিয়েই থাকতে হচ্ছে।

কাজের চাপ নেই?

সামনে নির্বাচন, এখন কাজের চাপ একটু কম। বেশকিছু কাজ জমে আছে, সব চলে যাচ্ছে নির্বাচনের পর। মানে সব শিডিউল, রিশিডিউল হচ্ছে নির্বাচন শেষে।

আচ্ছা একটু অন্য প্রসঙ্গে আসি, আপনি জানেন নিশ্চয়ই ফারজানা মুন্নী দাবি করেছেন, আপনি তাকে ব্যবহার করেছেন?

এটা খুবই হাস্যকর। এখন অনেকেই অনেক কথা বলতে পারে, আমার বলার কী থাকতে পারে বলুন? উনি নিজেকে শিশু দাবি করেছেন, বলেছেন প্রত্যেকের মনেই একজন শিশু বাস করে। উনার মনের শিশুটা কতটুকু, কোন ক্লাসে পড়ে? উনার মতো পার্সোনালিটি সম্পন্ন মানুষের কাছে এমন বক্তব্য আশা করা যায় না। মানুষ বোঝে কী ঘটেছে, কী হয়েছে।

তাহলে বলছেন আপনার ভুল নেই?

এখানে আমার ভুল কেন আসবে? দেখেন উনারা ইন্টারভিউ দিতে গিয়েছেন। কী প্রয়োজন ছিল? আমার গাড়ি নষ্ট হলে আমরা ফিটনেস ঠিক করতে নিয়ে যাই। বিআরটিএ চেক করে দেখে বলেই আমাদের গাড়ির ফিটনেস ঠিক করতে মেকানিক্যাল শপে যেতে হয়। তেমনি তাদের কিছু সমস্যা আছে বলেই সেটা ঠিক করতে ক্যামেরার সামনে গিয়েছেন। উপস্থাপকের ভূমিকাও ভালো লেগেছে।

কেমন ভালো লেগেছে? মানে উপস্থাপকের ভূমিকা কী?

আমার ছেলে জয়কে যখন কোথাও নিয়ে যাই, সে আমাকে শর্ত জুড়ে দেয় কিন্ডার জয় (চকলেট) কিনে দিতে হবে। বেড়াতে গেলাম। ভাবলাম ও মনে হয় ভুলে গেছে। কিন্তু বলে মা কিন্ডার জয়? কিছুক্ষণ অন্য বিষয়ে গল্প করছি, সে আবার বলে মা কিন্ডার জয়? মানে সে সেটা ভুলবেই না। ঠিক উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও একই কাজ করেছেন কথার মাঝে মাঝে বলছিলেন, অপু বিশ্বাস। মুন্নী আপা কথা বলে যাচ্ছেন তিনি মাঝখানে বলে ওঠেন- কে অপু বিশ্বাস? ওটা দেখে হাসতে হাসতে আমি শেষ।  

আপনি ফেসবুকে লিখেছিলেন স্ক্রিপ্ট দুর্বল...

হ্যাঁ। দেখেন আমার বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। ভোক্তা অধিকার যেমন পচা মাংস, পচা খাবার ধরে ফেলে, শাস্তি দেয়। তেমনি বাংলাদেশের মানুষের বিবেকও অনেক স্ট্রং যে তাদের ভুয়া জিনিস খাওয়াতে গেলেই আটকে যাবেন। আমাদের দেশের মানুষের ভোক্তা অধিকার হলো বিবেক। এক্ষেত্রে ভুল-ভাল, সাজানো জিনিস বোঝাতে পারবেন না। সবাই সব বোঝে। আমি তাদের সম্মান করি।

আপনি বলছেন মানুষ এসব সাজানো মনে করছে?

আপনি যদি রাত ৩টায় ফেসবুকে স্ট্যাটাস দেন, তাহলে নিশ্চয়ই আপনাকে বুঝতে হবে আপনি এটা শিশুসুলভ আচরণ করছেন না। সেই স্ট্যাটাসে অপু বিশ্বাস নামটাও এলো। এটাও শিশুসুলভ? আমি জানতে চাই যে শিশু আপনার ভেতর বাস করে সেটা কত বছর বয়সী। অথচ আপনি কল রেকর্ডের কথা বলছেন। আপনি বলছেন আইডি হ্যাক হয়েছিল, আবার বলছেন শিশুসুলভ মন থেকে স্ট্যাটাস দিয়েছেন কোনটা ঠিক? এরপরে সাক্ষাৎকার দিতে এসেছেন, সেখানে অপু বিশ্বাসের ওপর দোষ চাপিয়ে বাঁচতে চাইছেন। এসব কেউ বোঝে না?

হঠাৎ করে এমন প্রসঙ্গ এলো, কোনো মানসিক কোনো চাপ বোধ করছেন না?

না তা কেন হবে? এসব আমি একদমই মাথায় আনছি না। কিন্তু কোনো হাসির জিনিস দেখলে হাসবেন না? তাই একটু হেসেছি ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি।

আচ্ছা এবার ভিন্ন প্রসঙ্গে আসি। শাকিব খান একের পর এক চমক লাগানো সিনেমার খবর দিচ্ছেন এ বিষয়টিকে কীভাবে দেখছেন?

শাকিব খানের প্রতি ছেলে জয়ের বিশেষ দোয়া আছে। লাখো ভক্তের দোয়া আছে। শাকিব আরও অনেক ওপরে যাবে। আরও অনেক কারিশমা দেখাবে যা এখনো বাকি আছে।

বাবা-ছেলের দেখা-সাক্ষাৎ কেমন হয় মানে কদিন পরপর হয়? 

ওরে বাবা, সেটা বলবেন না। কদিন পরের কিছু নেই। ঢাকায় থাকলে বাবা-ছেলেই সব। আমি ওদের পর হয়ে যাই। আমাকে ভুলে তারা দুজন মেতে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত