ক্রিস্টাল প্যালেসের সঙ্গে পয়েন্ট হারিয়ে ক্ষুব্ধ ম্যানসিটি কোচ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, লিগ শিরোপার দৌড় থেকে কী ছিটকে যাবে তারা! তবে সিটিকে নিয়ে এখনই হয়তো শেষ কথা বলার সুযোগ নেই। কিন্তু দলটি যে ধারাবাহিক ফর্মে ফিরতেই পারছে না। টানা চার ম্যাচে জয়হীন থাকার পর লুটন টাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে গত সপ্তাহে জয়ে ফিরেছিল সিটি। কিন্তু পরের ম্যাচেই গতকাল তারা ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।

গতকাল রাতে নিজেদের মাঠে প্যালেসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি সিটি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করে ইতিহাদ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরল প্যালেস।

সুবিধাজনক অবস্থানে থেকেও ম্যাচ জিততে না পারায় খেলা শেষে নিজের খেলোয়াড়দের ওপর ক্ষোভের কথা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। বলেছেন, এই ম্যাচে জয় তাদের প্রাপ্য ছিল না।

দলের হতাশাজনক পারফরম্যান্স মানতে পারছেন না গার্দিওলা। তিনি বলেছেন, ‘এটা দুর্ভাগ্য নয়, এটা আমাদের প্রাপ্য। আমরা ২ পয়েন্ট ফেলে এসেছি। আপনি যখন এভাবে পেনাল্টি দেবেন, এমন ফল আপনার প্রাপ্য। যতগুলো সুযোগ আমরা তৈরি করেছি এবং যেসব গোল আমরা হজম করেছি, তা দেখলে বুঝবেন, আমরা ম্যাচ শেষ করতে পারছি না।’

বিশেষ করে ম্যাচটিতে শেষ মুহূর্তে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ার বিষয়টি যেন গার্দিওলার হজম হচ্ছে না। বক্সের ভেতর দল সতর্ক না থাকায় এভাবে গোল হজম করতে হয়েছে বলে মনে করেন গার্দিওলা, ‘১৮ গজ বক্সে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। আমরা ছিলাম না। এই ম্যাচে জেতাটা তাই আমাদের প্রাপ্য ছিল না।’

প্রিমিয়ার লিগে শেষ ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই পয়েন্ট হারিয়েছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্টে পিছিয়ে আছে ইতিহাদের দলটি। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সিটি আছে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় স্থানে। ৩৫ পয়েন্ট পাওয়া অ্যাস্টন ভিলা তিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত