বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে নিশ্চিদ্র নিরাপত্তার নির্দেশ আইজিপির

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম

খ্রিস্টান ধর্মের প্রধান উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটে নিশ্চিদ্র নিরাপত্তার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে আয়োজিত সভায় এ নির্দেশ দেন আইজিপি। বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ সভার আয়োজন করা হয়। 

আইজিপি চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। 

তিনি বলেন, কেউ নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা করলে আপনারা তাকে ধরে ফেলবেন। আর ধরতে না পারলে চিনে রাখবেন, পুলিশ তাদেরকে আটক করবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করবেন।

এছাড়াও থার্টিফার্স্ট ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর ঢাকা মহানগরীসহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান আইজিপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে সাইবার মনিটরিং ও প্যাট্রলিং বৃদ্ধি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ প্রধান। তিনি কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ট্যুরিস্ট পুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

সভায় থার্টিফার্স্ট নাইট এবং খ্রিস্টিয় নববর্ষ উপলক্ষে পটকা, আতশবাজিসহ, ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত