ফোন বন্ধ করে বরযাত্রীকে তিন ঘণ্টা ফেরিঘাটে বসিয়ে রাখলেন কনে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

এক সহকর্মীর মাধ্যমে তরুণীর সঙ্গে পরিচয় হয় নয়ন ঘোষের। কয়েকদিন কথা বলার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। ঠিক হয় ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়ায় তরুণীর এক আত্মীয়ের বাড়িতে বিয়ে হবে তাদের। কথা মতো ১৫ জন বরযাত্রী নিয়ে কাটোয়া ফেরিঘাটে হাজির হন নয়ন। কিন্তু কনেপক্ষ কই?

প্রবল শীতে ফেরিঘাটে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করার পর নয়ন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। বিয়ে করার নামে ডেকে নিয়ে হেনস্তা করা হয়েছে তাকে। এরপর সোজা কাটোয়া থানার দ্বারস্থ হন নয়ন। তরুণীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পেশায় স্বর্ণকার নয়ন জয়পুরে থাকেন। তবে তার বাড়ি নদিয়ার বালিয়াডাঙায়। রবিবার (১৭ ডিসেম্বর)  রাতে বর সেজে কাটোয়া ফেরিঘাটে হাজির হয়েছিলেন নয়ন। সেখানে কাউকে দেখতে না পেরে তরুণীর এক আত্মীয়কে ফোন করেন তিনি। জবাবে তিনি জানান, এক্ষুণি লোক যাচ্ছে বরযাত্রীকে আনতে। শুরু হয় অপেক্ষা। এরপর যত বারই ফোন করা হয়েছে প্রতিবারই একই উত্তর।

তবে কিছুক্ষণ পর কনেসহ কন্যাপক্ষের সব ফোন বন্ধ হয়ে যায়। প্রবল শীতে ফেরিঘাটে ভোগান্তি পোহাতে হয় বরযাত্রীদের। তবে তরুণী কেন এমন করলেন সে ব্যাপারে নিশ্চিত নন নয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত