টাকা নিয়ে লাকড়ির ট্রাক ছেড়ে দিচ্ছে ভালুকা বনবিভাগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

ময়মনসিংহের ভালুকার বিভিন্ন ইটভাটা ও ত্রিশালে অবস্থিত আকিজ পার্টিক্যাল বোর্ড কারখানায় সরবরাহ করা লাকড়ির ট্রাক থেকে তল্লাশির নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বনবিভাগের বিরুদ্ধে।

একাধিক সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামে আকিজ বশির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানে লাকড়ি ব্যবহার করা হয়। এমনকি ভালুকা ও ত্রিশাল এলাকায় প্রায় অর্ধশতাধিক লাইসেন্সবিহীন ইটভাটা চালু রয়েছে। এসব ভাটায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী লাকড়ি সরবরাহ করে আসছে। প্রতিদিন এসব ভাটায় শত শত টন লাকড়ি সরবরাহ করা হয়। অভিযোগ উঠেছে তল্লাশির নামে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বনবিভাগ।

অভিযোগ রয়েছে, ভালুকার দুটি রেঞ্জের আওতায় সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে গাছ কাটা হয়। সেগুলো ট্রাকের মাধ্যমে রাতেই স্থানীয় ইটভাটাগুলোয় সরবরাহ করা হয়। এদিকে তাদের ধরতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বনবিভাগের লোকজন। তারা লাকড়ি জব্দের নামে ট্রাক ও চালককে আটকে রাখে। পরে মালিকের কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর থেকে আসা লাকড়িভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৯০০৮) ভালুকা রেঞ্জের সিডস্টর চেকপোস্টে আটকে দেয় বনবিভাগের কর্মকর্তারা। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লাকড়ি রেখে চালক ও হেলপারসহ ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, ট্রাক আটকে মালিক এমদাদুল হকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে ভালুকা বনবিভাগের কর্মকর্তারা। এছাড়াও জেলার সখিপুরের ট্রাকমালিক বাবুর কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নিয়ে ট্রাক, চালক ও হেলপারকে ছাড়িয়ে নেওয়া হয়। 

এ বিষয়ে ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার যে কোন স্থানে গাছ বা লাকড়ি বোঝাই ট্রাক আটকানোর ক্ষমতা রাখে স্থানীয় বনবিভাগ। রবিবার সন্ধ্যায় লাকড়িসহ ট্রাক জব্দ করার কথা স্বীকার করেন তিনি।

ময়মনসিংহ জেলা বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল ওয়াদুদ জানান, লাকড়িসহ ট্রাক আটক করে বনবিভাগ। পরে ট্রাক, গাড়ি চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাকা লেনদেনের বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত