বিচ্ছিন্ন দু-একটি ঘটনা বাদ দিলে নির্বাচনের অবস্থা ভালো আছে: ইসি আলমগীর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বলেছেন, ‘যেকোন সন্ত্রাসী মূলক কাজ করে নির্বাচনকে বন্ধ করা যাবে না। আমাদের লাখ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। আমরা আশা করি এবার ভালো ভোটার উপস্থিতি হবে। এবার অনেক প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে ভালো প্রতিযোগীতা হবে। দু—একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, নির্বাচনের অবস্থা ভালো আছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে এবং জাতি অত্যন্ত উৎসবের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবে।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নিবার্চন কমিশনার বলেন, ‘আমাদের এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে সব নির্বাচনেই ভোটের দিন ব্যালট বক্স পাঠানো হয়েছে। অন্তত এই কথা কেউ বলার সুযোগ পাবে না, যে আগের রাতেই ভোট হয়েছে। আপনারা বিনা দ্বিধায় ভোট কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। স্বাধীনভাবে ভোট দেবেন।’

মন্ত্রী গাজীর বাড়িতে টাকা বিলি করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের নজরে আসেনি। বিষয়গুলো আপনারা সহকারি রিটার্নিং কর্মকর্তা আছে তার নজরে আনুন, তাদের ক্ষমতা দেওয়া আছে। তারা যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের কাছে পাঠান, আমরা ব্যবস্থা নেব।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আপনারা কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর কিছু দেখলে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান, ওনারা ব্যবস্থা নেবেন। সব গণমাধ্যম সবসময় সঠিক খবর দেয়, তাও না। সোশাল মিডিয়ায় যেটা হয়, বেশির ভাগ এডিটেড জিনিস থাকে। দেখা যাবে কোনো এক ইউনিয়ন পরিষদ নির্বাচনের দৃশ্য এডিট করে জাতীয় নির্বাচনে চালিয়ে দিসে। তবে, আপনাদের পাঠানো তথ্যটা আমরা তদন্ত করবো। যদি সত্য হয় তখন দেখেন যে ব্যবস্থা নিই কিনা।’

প্রচার প্রচারণায় বাধা এবং ভোটের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। সবাই সমান ভাবে নিজ নিজ প্রচার করতে পারবেন। কেউ যাতে কাউকে কোনো রকমের বাধা না দেয়। এছাড়া আমাদের র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট মাঠে আছে। নির্বাচনের হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আনন্দমুখর পরিবেশেই শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাবে, ভোট দেওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত