জনসম্পৃক্ততা নেই বলেই নির্বাচনে আসেনি বিএনপি: নসরুল হামিদ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম

‘বিএনপি নির্বাচনে না এসে তাদের জনপ্রিয়তা যাচাই করার সুযোগ হারিয়েছে। প্রকৃত অর্থে তাদের জনপ্রিয়তা-জনসম্পৃক্ততা নেই বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে’, মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নসরুল হামিদ। নির্বাচনে না এসে উল্টো দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঠেকাতে বিএনপি আগুন সন্ত্রাস করছে, মানুষকে পুড়িয়ে হত্যা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার কোন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বীরবাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন নসরুল হামিদ।   

তিনি বলেন,‘এখন তারা (বিএনপি) সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র করছে। আজ সকালেও এক শিশুসহ চারজন নিরীহ মানুষকে ট্রেনে অগ্নিসংযোগ করে হত্যা করেছে। এর জবাব সাধারণ মানুষ ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে দেবে।’      

এসময় তিনি অভিযোগ করেন,‘কেরানীগঞ্জেও বেশ কিছুদিন বিএনপি ধারাবাহিক অগ্নিসন্ত্রাসের চেষ্টা করেছে। জনগণ তাদের প্রতিহত করেছে। এইসকল অগ্নিসন্ত্রাসী কোন জনপ্রিয়তা নাই-জনভিত্তি নাই তাই তারা জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের যদি জনপ্রিয়তা থাকতো জনভিত্তি থাকতো তাহলে ভোটের মাধ্যমে নিজেদের প্রমাণ করতো।’

বক্তব্যে গত ১৫বছরে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশের মতো কেরানীগঞ্জের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।  

এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত