পাকিস্তানের নির্বাচন নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ পিএম

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের কোনো রাজনৈতিক দলকেই ওয়াশিংটন সমর্থন করে না এবং তারা কারো বিরুদ্ধে নয়। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের নির্বাচন নিয়ে এই বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জিও টিভি জানিয়েছে, মিলার বলেছেন, পাকিস্তানের জনগণের ভোটে নির্বাচিত নেতাদের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। অবশ্য এর আগেও যুক্তরাষ্ট্র দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছিল।

গত আগস্টে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেন।

পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে মিলার বলেন, আসিম মুনির মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র। আমরা দেশটির সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে তাদের সঙ্গে কাজ করে যেতে আগ্রহী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত