২০১৯ সালে প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ ফিফটি করেছিলেন সৌম্য সরকার। সেটি ছিল তার ক্যারিয়ারের ১১তম ফিফটি। এরপর ৯ ম্যাচে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছিলেন মাত্র একবার, ২০২১ সালে নিউজিল্যান্ডের হ্যাগলি ওভারে করেছিলেন ৩২ রান। আর নিজের সবশেষ দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য।
অবশেষে গেরো খুললো নেলসনে এসে। ৮০ রানে চার টপ অর্ডার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ ইনিংসের হাল ধরে রেখেছেন সৌম্য সরকার। ৫৮ বলে ক্যারিয়ারের দ্বাদশ ফিফটি পূর্ণ করেন সৌম্য। ৯টি চার মেরেছেন এ পর্যন্ত।
অবশ্য ফিফটি করার পরের বলেই কাভারে ক্যাচ তুলে দেন। ভাগ্য ভালো থাকায় তা লুফে নিতে পারেননি কিউই ফিল্ডার রাচিন রবীন্দ্র। একই ওভারে লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া দিলেও রিভিউ নিয়ে জীবন পেয়েছেন তিনি।
