পাওনা ১০০ টাকা চাওয়ায় যুবককে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ১০০ টাকার জন্য কাঁচি দিয়ে আঘাত করে টুটুল দেওয়ান (২৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত টুটুল পটুয়াখালীর বাউফল থানার সুলতানাবাদ গ্রামের মৃত আশরাফ দেওয়ানের ছেলে। সে পরিবার নিয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী বাঁকাচরাইল এলাকার আনসার হাজির বাড়িতে ভাড়ায় থাকতেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় বর্তমান ভুক্তভোগীর বাসার সামনে এই ঘটনা ঘটে। কাঁচি দিয়ে আঘাতের পর স্থানীয়রা আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নেন। সেখানে টুটুল চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যান।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই আব্দুল মোমিন  জানায়, নিহত টুটুল ও শামীম একই বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়ায় বসবাস করতেন। তারা দুজনই শ্রমিকের কাজ করতেন। বেশ কিছুদিন আগে টুটুলের কাছ থেকে শামীম ৩০০ টাকা ধার নেয়। এর মধ্যে ২০০ টাকা পরিশোধ করলেও ১০০ টাকা বাকি থাকে। ১০০ টাকা পরিশোধ না করায় গতকাল রাতে টাকা চাইতে গেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শামীম উত্তেজিত হয়ে পাশে থাকা কাঁচি নিয়ে টুটুলের বুকের উপর আঘাত করে। স্থানীয়রা তাৎক্ষণিক টুটুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতনদের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক শামীমকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত