গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯২ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৯৭ জন ডেঙ্গুরোগী।
বুধবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ জন ও ঢাকার বাহিরে একজনসহ মোট চার জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৯ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৬৭৩ জন, আর ঢাকার বাইরের দুই লাখ ১০ হাজার ২০৫ জন।
